কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে, বন্ধ হল বাঁধের ১৬ জলকপাট
সাত দিন আগে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় চাপ কমাতে কাপ্তাই বাঁধের সব গেইট খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।
সাত দিন চালু থাকার পর কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় কাপ্তাই বাঁধের সব ‘স্পিলওয়েল গেইট’ বন্ধ করার কথা জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
তিনি বলেন, বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর কমছে; তাই বাঁধের সবগুলো গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আবার বাঁধ খোলা হবে কি-না সেটা পানি বৃদ্ধির উপর নির্ভর করছে।
মাহমুদ হাসান বলেন, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৭ দশমিক ০৫ ফুট পানি রয়েছে। হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট।
এর আগে মঙ্গলবার রাতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় চাপ কমাতে বাঁধের ১৬টি স্পিলওয়েল গেইট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়; যা পরবর্তীতে ধাপে ধাপে বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল।
