Published : 03 Dec 2023, 05:32 PM
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে রোববার পাঁচটির মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীতসব প্রার্থীসহ মোট ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সামান্য ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে নয় জনের মনোনয়ন।
আর বাতিল করা হয়েছে ২৬ জনের মনোনয়নপত্র; যাদের মধ্যে অন্তত ১২ জন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। পাঁচটি আসনে মোট ৬৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরে গড়মিল থাকা, তথ্য ভুল, মিথ্যা তথ্য দেওয়া, পূর্ণাঙ্গ ফরম পূরণ না করা, আয়কর সনদ না থাকা, শনাক্তকারীর স্বাক্ষর না থাকা, হলফনামা না থাকা, এক দলের একাধিক প্রার্থীসহ বিভিন্ন কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
তবে বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।
সোমবার কুমিল্লা-৬ থেকে কুমিল্লা-১১ এই ছয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান, ফারুক হোসেন আকন্দসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুরসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এ টি এম মঞ্জুরুল ইসলামসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলমসহ দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহাম্মদ মেরীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিনসহ আটজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে তিনজনের মনোনয়ন। বৈধতা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ তিনজন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে পাঁচজনের। আর আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ আটজন বৈধতা পেয়েছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন স্বপন, জাহাঙ্গীর খান চৌধুরীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আবুল হাশেম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।