Published : 17 Jul 2026, 10:41 AM
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় বনভূমির ভেতরে স্থাপন করা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটি উচ্ছেদ করেছে বন বিভাগ।
শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, বৃহস্পতিবার কর্ণঝোড়া বিটের রাজার পাহাড় নামক টিলা এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছিল।
বনের ভেতরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার খবর পেয়ে তাদের একটি দল অভিযান পরিচালনা করে।
সুমন মিয়া বলেন, “বনের ভেতর কোনো অবস্থায় বিদ্যুতের খুঁটি স্থাপন করা বা তার টানানো যাবে না। আমরা খবর পেয়ে অভিযান চালাই।

“তখন দেখা যায় যে, পল্লী বিদ্যুৎ সমিতির এক ঠিকাদার স্থানীয় একটি বাসায় বিদ্যুৎ সংযোগ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আমরা বাধা দিয়ে খুঁটি, তার ও অন্যান্য মালামাল জব্দ করি।”
এ বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী জোন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সূর্য্য নারায়ণ ভৌমিক বলেন, “রাজার পাহাড় এলাকায় এক ব্যবসায়ী তার খামারে মোটর ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন করেছিলেন।
“কিন্তু প্রথমে বন বিভাগ বাধা দিলে পরবর্তীতে তারা বন বিভাগকে ম্যানেজ করেছে বলে জানালে ঠিকাদার ওই সংযোগ দিতে যায়। আর বিস্তারিত কিছু আমার জানা নেই।”