২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি-পদত্যাগ ছাড়াই তিন মাস ধরে ফিনল্যান্ডে শাবির কর্মচারী, বেতনও নিচ্ছেন

অফিস সহায়ক আমিনুল ইসলাম বলেন, “আমি ফিনল্যান্ডে চলে আসছি। আমি আসার সময় কোনো পদত্যাগপত্র জমা দেইনি।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ছুটি ও পদত্যাগ ছাড়াই তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অফিস সহায়ক। তিনি ফিনল্যান্ডে অবস্থান করেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা সেলের অফিস সহায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর চলতি মাস থেকে তার ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের পরিচালক সোহেল উদ্দিন আহমেদ জানান।  

বঙ্গবন্ধু গবেষণা সেলের এক কর্মচারী জানান, সরকার পতনের পর বঙ্গবন্ধু গবেষণা সেল কার্যত অচল হয়ে পড়ে। তখন আমিনুল ইসলাম ২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পরবর্তীতে অক্টোবর মাসে দেশের ও ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি নিয়মিত অফিস করতে থাকেন। কিন্তু কার্যক্রম না থাকায় আমিনুল অফিসে বসে ফিনল্যান্ডে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন।

নভেম্বর মাসের প্রথমদিকে জুলাই আন্দোলনের সমন্বয়করা বঙ্গবন্ধু গবেষণা সেলের সাইনবোর্ড ছিঁড়ে ফেলেন এবং অফিসে তালা লাগাতে বলেন। তখন থেকেই মূলত এই গবেষণা সেল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য কোনো দপ্তরে আমিনুলকে স্থানান্তর করেননি। কিন্তু বেতন হিসেবে নিয়মিত তিনি ১৬ হাজার টাকা পেতেন।

বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. হেলাল হোসেন দেওয়া বলেন, “প্রশাসন অবহিত না করলে আমরা তো জানতে পারি না কে ছুটি নিয়েছে বা না নিয়েছে। আমাদের একটা বেতন শিট আছে। ওখানে কর্মকর্তাদের মাস শেষে সই করতে হয়। তারপর তাদের বেতন আমরা ব্যাংকে পাঠিয়ে দেই। 

“তবে আমিনুল ইসলামের বেতন শিটে গত তিন মাস ধরে কোনো সই নেই। কোভিড মহামারীর পর থেকে বেতন শিটে সইয়ের নিয়মটি শিথিল করা হয়েছে। তাই কেউ সই না করলেও আমরা বেতন আটকে রাখি না। তাই তার বেতনও যথারীতি যাচ্ছে। এ বিষয়ে আমি পরিচালক স্যারের সঙ্গে কথা বলে পদক্ষেপ গ্রহণ করতে বলব।”

বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের পরিচালক সোহেল উদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে কারো বেতন বন্ধের বিষয়ে কোনো লিখিত আদেশ না দিলে আমরা বেতন দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখি। তবে আমিনুলের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতের বিষয়টি আপনার থেকে জানতে পেরে এ মাস থেকে তার বেতনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বঙ্গবন্ধু গবেষণা সেলের অফিস সহায়ক আমিনুল ইসলাম বলেন, “আমি উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে চলে আসছি। আমি আসার সময় কোনো পদত্যাগপত্র জমা দেইনি। তবে পদত্যাগপত্র পাঠিয়ে দেব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কনসার্ন আছে। সরকারি চাকরির একটা বিধিমালা আছে। শিগগিরই এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।”