জাকসু: শুক্রবারের মধ্যেই ফল চায় ছাত্রশিবির-সমর্থিত প্যানেল
“বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন,” বলেন মাজহারুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই ঘোষণার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
তিনি বলেছেন, “আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আজকের (শুক্রবার) মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, “বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন।”
ভোট গণনায় ‘ওএমআর’ বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অমানবিক’ অভিহিত করে তিনি বলেন, “ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।”
বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
মাজহারুল বলেন, “এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।”
