মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু
ট্রলিটি মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী লিমা আক্তার নিহত ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ ও ২ বছরের দুটি সন্তান রয়েছে।
লিমার ভাসুর ভৈরবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পারভেজ মল্লিক বলেন, “বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠি আসার সময় পেছন থেকে একটি ট্রলি ওদের ধাক্কা দেয়। পরে ট্রলিটি একটা নৌ-বাহিনীর গাড়িকেও ধাক্কা দেয়।
“আহত অবস্থায় তাদের তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
