Published : 14 Jun 2026, 06:57 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় টাকা লেনদেনের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার পূর্ব শিলমন্দি জসীমনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান।
নিহত আরিফ বেপারী (৩০) ওই এলাকারই বাসিন্দা। তিনি স্থানীয় হাট-বাজারে কসাইয়ের কাজ করতেন।
স্বজনদের অভিযোগ, স্থানীয় কসাই নূর হোসেনের সঙ্গে আরিফ বেপারীর ছোট ভাই আকাশ বেপারীর দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে সম্প্রতি থানায় অভিযোগও করা হয়। শনিবার সকালে মুন্সিরহাট বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরিবারের দাবি, সংঘর্ষের জেরে সকালে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ভাই আরিফকে ধরে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।
ওসি মমিনুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
“নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কোমর ও নিতম্ব এলাকায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কামরান হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”