১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, ঢাকা থেকে গ্রেপ্তার ৫

তিন দিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, ঢাকা থেকে গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ডাকাতির ঘটনায় ঢাকার সাভার এবং মিরপুর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 04:37 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলায় এক জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

সোমবার রাতে সাভার এবং রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বরিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে  সোহাগ, মো. আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতিএকজন গুলিবিদ্ধ

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। তারা পাঁচ থেকে ছয়টি মোবাইল ও ৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে নেয়।

এ সময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। তবে ডাকাতদের ছোড়া গুলিতে এক পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় বোন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন বলে জানান পুলিশ সুপার।