২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের শিকার শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণ, পঞ্চগড়ের সেই চিকিৎসক বরখাস্ত

তিন দিন আগে সদর হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ায়।

ধর্ষণের শিকার শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণ, পঞ্চগড়ের সেই চিকিৎসক বরখাস্ত
পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

পঞ্চগড় সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ বলা হয়েছে, রোগীর আত্মীয়ের সঙ্গে চিকিৎসক আবুল কাশেমের করা অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এমন আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি। এ জন্য আবুল কাশেমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় খোরপোশ ভাতা পাবেন বলে আদেশে বলা হয়েছে।

পঞ্চগড় সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, “রোগীর আত্মীয়ের সঙ্গে ওই চিকিৎসকের অশালীন আচরণের ভিডিওটি নজরে আসার পরপর তাকে শোকজ করা হয়। এর মধ্যে মন্ত্রণালয় থেকে মেইলে চিকিৎসক আবুল কাশেমকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি।”

এর আগে বৃহস্পতিবার সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ায়। 

ভিডিওতে দেখা যায়, শিশুটির বাবা ও স্বজনের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক আচরণ করে নানা হুমকি দেন এবং আক্রমণাত্মক ভাষায় ‘কটূক্তি’ করেন। ভিডিওটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা হয়। তরুণ-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন।