‘মার্চ ফর জাস্টিস’: লক্ষ্মীপুরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের হট্টগোল
আইনজীবী সমিতি ভবনের ভেতরে মাইকিং করে বহিরাগত ও অপ্রয়োজনে অবস্থান নেওয়া লোকজনকে বের করে দেয় পুলিশ।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে আইনজীবীদের কর্মসূচি পুলিশ ও প্রতিপক্ষের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনার সময় আন্দোলনের সমর্থক আইনজীবী ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতায় মামলা ও গ্রেপ্তারের ঘটনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীদের একাংশ। আদালত চত্বর, ক্যাম্পাস ও রাজপথে এ কর্মসূচি পালনের কথা বলা হয়।
এর অংশ হিসেবে দুপুরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি শিক্ষার্থীরা।
কিছু পরে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন আইনজীবী হাতে লেখা ফেস্টুন নিয়ে ‘মার্চ ফর জাস্টিজ’ কর্মসূচির পক্ষে মানববন্ধনে দাঁড়ান। এতে কয়েকজন শিক্ষার্থী যোগ নিলে পুলিশ তাদেরকে সরে যেতে বলে।
এরপর আওয়ামীপন্থি আইনজীবীরা সেখানে এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়।
আগে থেকেই অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে পুলিশ অবস্থান নেয়।
পুলিশ সদস্যরা আদালত প্রাঙ্গণ থেকে বহিরাগতদের বের করে দেওয়ার উদ্যোগ নেন। হট্টগোলের পর আইনজীবী সমিতি ভবনের ভেতরে মাইকিং করে বহিরাগত ও অপ্রয়োজনে অবস্থান নেওয়া লোকজনকে বের করে দেয় পুলিশ।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাদাম ব্রিজ ও ঝুমুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আইনজীবী নুর মোহাম্মদ বলেন, “আওয়ামীপন্থি আইনজীবীদের বাধায় আমাদের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। তাদের কাজই শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করা।”
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব বলেন, “অভিযোগটি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।”
সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, “আইনজীবীরা কে কোন দলের তা জানা নেই। তাদের নিজেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থল ছিলাম। পরে তারা শান্ত হয়ে যার যার কাজে চলে গেছেন।”
