২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দুই দিন পর মৃত্যু

দুই দিন আগে সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 09:43 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দুই দিন পর মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বাজারে তাকে কুপিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।

নিহত ৪০ বয়সি বাবলু সিকদার উপজেলা কালিয়ান গ্রামের মো. কামাল হোসেন ছেলে।

এ ঘটনায় বাবলুর বাবা কামাল হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় ১৪ জনের নামে হত্যা মামলা করেছেন।

পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, “মাটি ব্যবসা নিয়ে বাবলুর সঙ্গে স্থানীয় বেশ কয়েকজনের বিরোধ চলছিল। শনিবার বাবলু কাজ শেষে বাজার থেকে ফিরে সন্ধ্যায় বাড়িতে ছিলেন। এ সময় মোবাইল ফোনে বাবলুকে গান্ধিনা বাজারে ডেকে নেওয়া হয়।

“পরে বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে ‘মা এন্টারপ্রাইজ’ দোকানে ভেতরে নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে বাবলুকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে প্রতিপক্ষের লোকজন। বাবলুর চিৎকারে শুনে আশপাশের লোকজন সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

পুলিশ জানায়, তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় হওয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।