খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সেনাবাহিনী বলছে, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে চকলেট ও পারফিউমসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে এসব পণ্য জব্দ করা হয় বলে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য চকলেট, ওষুধ, পারফিউম জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।
“অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী সর্বদা তৎপরতার। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।” যোগ করেন লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম ।
