২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে: চিফ হুইপ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

সংসদকে শুধু ‘প্রাণবন্ত’ করলেই হবে না, এটিকে ‘কার্যকর’ করার কথা বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেছেন, “আমাদের একটি প্রচলিত ধারণা আছে, সংসদকে শুধু ‘প্রাণবন্ত’ করতে হবে। কিন্তু এই ধারণা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে শুধু ‘প্রাণবন্ত’ নয়, ‘কার্যকর’ করতে হবে। বাংলাদেশের সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। সব কাজের কেন্দ্রবিন্দু হবে সংসদ।

“সংসদকে কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণবন্ততা তার সঙ্গে থাকবেই। এ লক্ষ্যে সরকার কাজ করছে।  ইনশাআল্লাহ ১২ তারিখ থেকে সংসদ অধিবেশন শুরু হবে। এটি অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর সংসদ হবে বলে প্রত্যাশা করি।”

রোববার সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে এদিন হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “সংসদে সবচেয়ে বেশি সুযোগ সাধারণত বিরোধী দলই গ্রহণ করে থাকে। সেই সুযোগ দেওয়ার জন্য সরকার প্রস্তুত রয়েছে। জাতীয় সব বিষয়ে সংসদে বিতর্ক হোক- এটাই আমাদের প্রত্যাশা।”

প্রথম অধিবেশন নিয়ে প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, “এবারের অধিবেশন কিছুটা ব্যতিক্রমধর্মী হবে। কারণ, বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। ফলে নতুন করে তাদের নির্বাচন করতে হবে। প্রথম দিন সংসদ কক্ষে স্পিকারের চেয়ার খালি থাকবে। তখন সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন। তার সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং তারপর সংসদের অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।”

তিনি বলেন, “সরকার সবাইকে নিয়ে চলতে চায়। সরকারি দল ও বিরোধী দল- সবাইকে একমঞ্চে এনে সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী যে রাজনৈতিক সংস্কৃতি শুরু করেছেন, সেটি হচ্ছে সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া।

“এরই মধ্যে বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই যা যা প্রয়োজন, তা করার চেষ্টা করা হবে।”

এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।