গোমতী নদীতে নিখোঁজের ৭ দিন পর মিলল যুবকের লাশ
ওই যুবকের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কুমিল্লায় গোমতী নদীতে পড়ে নিখোঁজের সাতদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেবিদ্বারের জাফরগঞ্জের নদীর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া।
নিহত আজাদ হোসেন (২৭) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকার অরন্যপুর গ্রামের আনার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে আজাদ টিক্কারচরে গোমতী নদীর সেতুতে টিকটকের জন্য ভিডিও করতে গিয়ে নদীতে পড়ে যান।
পরে তার স্বজনরা ও ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
সাতদিন পর বৃহস্পতিবার দেবিদ্বারের জাফরগঞ্জ খেয়াঘাট এলাকায় স্থানীয়রা ওই যুবকের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
