২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

ডিসি জানান, জেলায় টিসিবির মোট কার্ডধারীর সংখ্যা ১ লাখের বেশি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 12:54 PM

Updated : 01 Sep 2022, 01:41 PM

চাঁদপুরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, সারাদেশেই এই কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর পৌর এলাকায় ১৫টি ওয়ার্ড, বাইরের ৬টি পৌরসভার ২৪টি ওয়ার্ড এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে।

জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন বলে জানান ডিসি কামরুল।

তিনি বলেন, “খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা চাল ক্রয় করতে আসবেন, অবশ্যই সঙ্গে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন, তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেনো কোনো অনিয়ম না হয়।”

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।