‘স্বর্ণের লোভে’ মা-মেয়েকে হত্যা: ‘মূলহোতা’ গ্রেপ্তার
৯ অক্টোবর উত্তর চণ্ডীপুর গ্রামে মা ও মেয়েকে গলাকেটে হত্যা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার পারভেজ হোসেন নামের ওই ব্যক্তিকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি রামগঞ্জ পৌরসভার সোনাপুর মহাদের বাড়ির আব্দুল করিমের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৯ অক্টোবর উপজেলায় উত্তর চণ্ডীপুর গ্রামে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলাকেটে হত্যা করা হয়। বাসার স্বর্ণালঙ্কার লুট হয়। ১০ অক্টোবর মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, পারভেজ বাদী মিজানুর রহমানের ভাগনে। দুই মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসেন। নানা কারণে তিনি আর্থিক সমস্যায় পড়েন। সে কারণে তিনি মামার বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করেন।
৯ অক্টোবর বিকালে পারভেজ বাজার থেকে একটি চাকু কিনে আমড়া ও আপেল নিয়ে মামার বাড়িতে যান। একপর্যায়ে তিনি জুলেখা ও মীমকে গলাকেটে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।
পারভেজের কাছ থেকে ৬ ভরি ৪ আনা এবং লক্ষ্মীপুরে দুটি দোকানে বিক্রি করা আরও এক ভরি স্বর্ণও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
