২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পুলিশকে ‘কামড়’: মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

উপজেলা পরিষদের একটি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 11:15 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

রাজশাহীর মোহনপুরে পুলিশের দুই নারী সদস্যকে কামড় ও মারধরের মামলায় উপজেলা পরিষদের এক মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের একটি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান।

গ্রেপ্তার হাবিবা বেগম (৩৫) ওই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। 

মামলার নথির বরাত দিয়ে ওসি হরিদাস বলেন, গত সোমবার রাতে ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমের সঙ্গে মোহনপুর থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রাণী শীলের কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

মামলার অভিযোগে বলা হয়, এক পর্যায়ে নারী পুলিশ সদস্য শান্তনা মহন্তকে কামড়ে আহত করেন ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। এছাড়া সাথী রাণীকে মারধর করেন। 

পরে দুই নারী পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় হাবিবা বেগমের বিরুদ্ধে থানায় মামলা করে শান্তনা মহন্ত। 

এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি হরিদাস মণ্ডল।