ময়মনসিংহে ‘জমির আইল কাটার জেরে’ ছুরিকাঘাতে ভাই খুন
এতে নিহতের বাবা গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে জমির আইল কাটার জেরে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন।
বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত লাল মিয়া (২৫) ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিরাজ উদ্দিন তার ছেলে লাল মিয়াকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে আমন ধানের বীজতলা তৈরির জন্য জমির আইল ছাঁটছিলেন। এ সময় পাশের জমির মালিক, সিরাজ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন ও তার ছেলে হাফেজ মিজান এসে আইল বেশি ছাঁটার অভিযোগ করে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মিজান তার চাচা সিরাজ ও চাচাত ভাই লাল মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। সিরাজ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”
