২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় ফোন

‘মাদক সেবনের’ সময় দুই বন্ধুর মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে সাহেদ অস্ত্র দিয়ে রাসেলকে খুন করেন বলে জানায় পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 05:12 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ‘মাদক সেবনের’ সময় বিতণ্ডার জেরে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় ফোন করেছেন এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার পরদিন শনিবার সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম।

নিহত রাসেল (২৩) ঠাকুরগাঁও সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আটক সাহেদ আসাদ (২২) নিহত রাসেলের বাড়ির পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।

আটক সাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি খায়রুল আনাম বলেন, “শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শালবনে রাসেল ও সাহেদ মাদক সেবন করতে যান। মাদক সেবনের সময় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে সাহেদ ধারাল অস্ত্র দিয়ে রাসেলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাহেদ ঘটনাটি থানায় ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।”

ওসি বলেন, রাতেই সাহেদকে সঙ্গে নিয়ে লাশের সন্ধানে শালবনে যাওয়া হয়। তবে অনেক খোঁজাখুঁজির পরও লাশ আর পাওয়া যায়নি। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধান ক্ষেত পরিচর্যা করতে গিয়ে রাসেলের লাশ দেখে পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থল থেকে রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান খায়রুল আনাম।

এ ছাড়া আটক সাহেদ শারীরিকভাবে অসুস্থ হওয়ার তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি খায়রুল আনাম।