জয়পুরহাটে সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
গত বছরের ১৪ সেপ্টেম্বর বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা বুধবার বিকালে সন্ত্রাসী হামলায় আহত হন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম।
রেজাউল করিম কিনা পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকার আব্দুল বারিক মণ্ডলের ছেলে।
দুপুরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
পুলিশ জানায়, বুধবার বিকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার উপর হামলা হয়। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই মামলা করেছিল। পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়ের করা মামলায় রেজাউল করিম কিনা ১২ নম্বর আসামি ছিলেন।
এ ব্যাপারে কথা বলতে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের মোবাইলে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।
পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট। তবে কারা এই হামলা চালিয়েছে তা তিনি জানেন না।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, “ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।”
