২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার এক উপজেলা থেকে বাবা-মেয়েসহ তিনজন সংসদে

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী ও নেওয়াজ হালিমা আরলী মহম্মদপুর উপজেলার বাসিন্দা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 07:41 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সরকারের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তার মেয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন। 

এ ছাড়া মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নেওয়াজ হালিমা আরলীর বাড়িও মহম্মদপুর উপজেলায়।

একই উপজেলার তিনজন সংসদে যাচ্ছেন- এই খবরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী ও নেওয়াজ হালিমা আরলী। 

নিপুণ রায় চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতির দায়িত্বেও আছেন। তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য।

পেশায় আইনজীবী নিপুণ রায় ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী।

অন্যদিকে, নেওয়াজ হালিমা আরলী সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। তিনি অষ্টম জাতীয় সংসদেও একই দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ইডেন মহিলা কলেজের ভিপি ছিলেন। তার বাড়ি মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। 

নিতাই রায় চৌধুরীর জন্ম মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইন পেশায় যুক্ত হন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় নিতাই রায় চৌধুরী ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর আলী মৃধা বলেন, একই উপজেলা থেকে তিনজন সংসদ সদস্য থাকায় এলাকার সমস্যা সংসদে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, একই এলাকা থেকে তিনজন নেতার সংসদে যাওয়া মহম্মদপুরের জন্য গর্বের। এতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন।