জামালপুরে নিখোঁজ আইসক্রিম বিক্রেতার বালুচাপা লাশ উদ্ধার
ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়।
জামালপুরে সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা অবস্থায় এক আইসক্রিম বিক্রেতার মরদের উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শরিফপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ফকিরবাড়ি বালুঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
নিহত জয়নাল আবেদিন নয়ন (৪০) শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের মো. জলিল মিয়ার ছেলে। সে ফেরি করে আইসক্রিম বিক্রি করতো। জয়নাল আবেদিন নয়ন গত তিনদিন থেকে নিখোঁজ ছিল।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মা মরদেহ দেখে ছেলেকে সনাক্ত করে।
পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের মা জবেদা বেগম বলেন, “তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে জয়নাল আবেদিন আর ফিরেনি। আজ (বৃহস্পতিবার) বাড়ির পাশের বালুর ঘাট থেকে আমার ছেলের লাশ পাইছি। আমার ছেলে হত্যার বিচার চাই।”
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া বলেন, “সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
