২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় নিহতের এক ছেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের এক ছেলে।

বুধবার সকালে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম।

নিহত আব্দুল কুদ্দুস (৬৫) ওই গ্রামের মৃত তছিমুদ্দিনের ছেলে। আহত রাসেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তছিমুদ্দিনের দুই স্ত্রী। তাদের মধ্যে কুদ্দুস একজনের সন্তান।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেশ কিছু দিন ধরে ১০ শতাংশ জমির সীমানা নিয়ে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহবুবর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহাবুবর ও তার পরিবারের সদস্যরা দেশি অস্ত্র দিয়ে সৎ ভাই কুদ্দুসকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে রাসেলও গুরুতর জখম হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে কুদ্দুস মারা যান।

এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবি জানান ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।