১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মারমা কিশোরীকে ধর্ষণ: খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

‘জুম্ম ছাত্র জনতার’ ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ বেলা ১২টায় শেষ হওয়ার কথা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:16 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ চলছে। 

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ‘জুম্ম ছাত্র জনতার’ ডাকা এই অবরোধে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। 

এতে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল, নয়মাইলসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে রেখেছেন অবরোধকারীরা। 

পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে। 

অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। 

এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা, মানিকছড়িসহ বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে এবং সড়কের পাশের গাছ কেটে পিকেটিং করা হয়েছে। অবরোধ বেলা ১২টায় শেষ হওয়ার কথা।

এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও সকাল থেকে দূর দূরান্ত থেকে আসা কোন পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাকেও তেমন দেখা যায়নি।

তবে অবরোধে সময় যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। 

ওসি আরও বলেন, মঙ্গলবার মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। 

পরে বুধবার দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরো দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।  

আরও পড়ুন

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, তরুণ গ্রেপ্তার