২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপি থেকে পদত্যাগ করলেন রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক মায়া

“রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাসযোগ্যতা। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”

এনসিপি থেকে পদত্যাগ করলেন রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক মায়া
রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন শামীমা সুলতানা মায়া।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সব কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন রাজশাহী জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া।

মঙ্গলবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে মায়া বলেন, জুলাই অভ্যুত্থানের সময় রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। এরপর থেকে দলের দায়িত্ব পালনে সর্বদা নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন।

সম্প্রতি নানা সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচার এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

মায়া বলেন, “রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাসযোগ্যতা। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”

নানামুখী চাপে মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছে মায়া বলেন, জেলা পর্যায়ে কার্যক্রমে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকে শ্রেয় মনে করেছেন তিনি। 

তবে জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুলাই আন্দোলনের এই নেতা।

তিনি বলেন, “এনসিপির ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। আমি চাই এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।”

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।