নড়াইলে আওয়ামী লীগের ১২২ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
শুক্রবার কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১২২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, উপজেলার গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে রোববার মামলাটি করেন। মামলায় ৪২ নেতাকর্মীর নাম দিয়ে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিরা পালিয়ে যায়।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখের নাম রয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, “১৫ অগাস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
