মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ মিলল খালে
“ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে সে মারা যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুদিন আগে নিখোঁজ এক ব্যক্তির লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোটালীপাড়া থানার আবুল কালাম আজাদ জানান।
মৃত বিপুল মণ্ডল (৪০) উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসী জেলে বিপুলের মরদেহ ভাসতে দেখে কোটালীপাড়া থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তার লাশটি উদ্ধার করে।
আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মিয়া বলেন, “বিপুল শনিবার রাতে কোটালীপাড়া-পয়সারহাট খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালটিতে ফায়ার সার্ভিসের লোকজন তার সন্ধানে তল্লাশি চালায়। কিন্তু বিপুলকে পাওয়া যায়নি।
“সোমবার ভোরে এলাকার লোকজন নামাজ শেষে বাড়ি ফেরার সময় খালে একটি লাশ ভাসতে দেখে। এরপর আমরা পুলিশকে খবর দেই।”
ওসি আবুল কালাম আজাদ বলছেন, “উদ্ধার মরদেহটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবারের লোকজন। বিপুল এর আগে দুই বার স্ট্রোক করেছিল বলে তার পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে সে মারা যায়।”
বিপুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে বিপুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিপুলের স্ত্রী মণি মণ্ডল স্বামীর মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবারটিকে সরকারিভাবে সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
