Published : 06 Jun 2026, 05:25 PM
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তে ভারত থেকে ছয় ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি ও গ্রামবাসী।
শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছে হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা।
বর্তমানে ওই ছয় ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়।

ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা হ্যান্ড মাইকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন এবং বিএসএফকে ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, “অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”