২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার ২ কমান্ডার নিহত

এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 02:42 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে আরসার দুই কমান্ডার নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার ভোরে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

নিহতরা হলেন- ওই ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।

আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৩১) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে।

এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ক্যাম্পের মসজিদের পাশে ‘সন্ত্রাসী সংগঠন আরসার’ কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। 

এ সময় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন সেখানে প্রবেশ করে তাদের ওপর গুলি ছুড়তে থাকেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

তিনি বলেন, হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমাম হোসেন ও রহমত উল্লাহ মারা যান। গুলিবিদ্ধ অন্যজনকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, “নিহত দুইজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।”

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে এমটা ধারণা করা হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।