১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-২: মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 02:54 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নির্বাচন কমিশনে আপিল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার। 

সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন। 

বৃহস্পতিবার সকাল নির্বাচন কমিশনে শুরু হওয়া শুনানিতে সারোয়ারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে শাহ্ আকিব সারোয়ার। 

তিনি বলেন, “আমার বাবা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি। ওই মামলায় তিনি কারাগারে আছেন। আমার বাবা জামিনে বেরিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।”

শাহ্ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ময়মনসিংহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই গুলিবিদ্ধ রিকশাচালক আমীর হোসেন (৩১) গত বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদন করেছিলেন।

পরে আদালতের আদেশে ১২ জুলাই ফুলপুর থানার পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

মামলায় এক নম্বর আসামি করা হয় ফুলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও দুই নম্বর আসামি করা হয় শাহ শহীদ সারোয়ারকে। তারাসহ মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। 

জানা যায়, এ মামলা থেকে জামিন পেতে গত বছরের ২১ ডিসেম্বর ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন শাহ শহীদ সারোয়ার। তবে, বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং একইসঙ্গে ২৪ ডিসেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

পরে ২৪ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর দুই দফা জামিন শুনানি শেষে সারোয়ারকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ৯ প্রার্থী। এর মধ্যে ২ জানুয়ারি সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এর মধ্যে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। 

এছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

আগের সংবাদ 

আন্দোলনে হামলা: জামিন মেলেনি ময়মনসিংহের সাবেক এমপি সারোয়ারের

ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে