২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আন্দোলনে হামলা: জামিন মেলেনি ময়মনসিংহের সাবেক এমপি সারোয়ারের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সারোয়ার ২০২৪ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন।

আন্দোলনে হামলা: জামিন মেলেনি ময়মনসিংহের সাবেক এমপি সারোয়ারের
ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় করা মামলায় ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের জামিন নামঞ্জুর করেছে আদালত। তবে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন‍্য ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন।

পিপি আনোয়ারুল আজিজ টুটুল বলেন, আদালত আসামির অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানির জন‍্য ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে।

এর আগে ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন সারোয়ার। এ সময় বিচারক মো. সিফাত উল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় আহত মো. আমীর হোসেন চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে মামলা করেন। আমীর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা।

পরে ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

বাদীর দাবি, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আসামিরা বিস্ফোরণ দ্রব‍্য এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করেন। এতে বাদী আমীর হোসেন গুলিবিদ্ধ হন।

ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে