Published : 09 Oct 2024, 08:12 PM
ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কোবরা তন্দ্রা বলেন, “আমরা শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তারপর প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
“তাই বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি তদন্ত প্রতিবেদন এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক খাদিজাতুল কোবরা তন্দ্রা।
অভিযোগকারী ছাত্রী একই বিভাগের মাস্টার্সের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন, কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। কিন্তু এখন শিক্ষক বিয়ে করতে অস্বীকার করছেন।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুল আওয়াল বলেন, “বিষয়টি আমি জেনেছি, বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী একটি পূর্ণাঙ্গ সেল রয়েছে আমি তাদেরকে বিষয়টি তদন্ত করতে বলেছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার উপযুক্ত বিচার হবে।”
এ বিষয়ে শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।