২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে বন্ধুত্ব সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বিএনপি ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।”

শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদেরকে বিপদে ফেলা যায়। আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানির হিস্যাও পাইনি।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হব না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করার জন্য। কিন্তু জনগণের শক্তিই আমাদের আসল ভরসা।”

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তিনি বলেন, “শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি যেন তিনি একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন। যার তত্ত্বাবধানে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। 

“তবে আমরা শুনছি, কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন। এটা জাতি মেনে নেবে না। আমরা গণতন্ত্র ফেরত চাই। নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট চাই। আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা চাই।” 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায়, নিরপেক্ষ নির্বাচন চায়।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, রিয়াজুল হান্নান।