২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রংপুরে আত্মগোপনে থাকা অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা এবং নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় নগরের খামার মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা এবং মধ্যরাতে ধাপ বাজার এলাকা থেকে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদ এবং নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার প্রয়াত আনিস উদ্দিন আহমেদের ছেলে শাহিদ মাহমুদ (৫৫)।

শাহিদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে নীলফামারী সদর থানায় মামলা রয়েছে।

ওসি আতাউর রহমান বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা শাহিদ। তার বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা রয়েছে। আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

নাহিদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি তিনি। নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। 

ওসি শাহজাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন নাহিদ। কয়েকদিন আগে রংপুরে আসেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।