২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। চলে যাওয়ার সময় ছিনতাইকারীরা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম।

আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৪) উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিপুর বাজারে বিকাশের ব্যবসা করেন সাইফুল ইসলাম। রাতে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচ থেকে সাতজনের একটি দল সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা সাইফুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না।

“প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।