Published : 28 Jun 2026, 04:28 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
একই দিন অন্য এক অভিযানে ১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ দুই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা এবং বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পূর্ব উচনা গ্রামের গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিন (৪২) এবং পুটারবিল গ্রামের লিটন (২৫)।
ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
তিনি বলেন, একই দিন সন্ধ্যায় পুটারবিল এলাকায় লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানান আব্দুল হাফিজ মো. রায়হান।