নড়াইলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল আলম ঝুনু বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি।
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল আলম ঝুনু বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান। মামলায় অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে জানা গেছে, শুক্রবার বেলা ৩টার দিকে আসামিরা উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মশিয়ার জমাদ্দারের বাড়ির অদূরে চাচই-সিডি বাজার সড়কে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দিয়ে মিছিল করে।
পরবর্তীতে মিছিলের ভিডিও ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মিথ্যা-অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সামনে অপরাধ সংঘটিত করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি আব্দুর রহমান বলেন, মামলার পর শনিবার রাতে এজাহার নামীয় আসামি শহরের গোপীনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে ও ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮) এবং বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ও ছাত্রলীগ নেতা আ. কাদের শেখকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়ার শেষে তাদেরকে রোববার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
