২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হিমাগার থেকে শ্রমিকের লাশ উদ্ধার

রাতে দায়িত্ব পালনের সময় কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

চুয়াডাঙ্গায় হিমাগার থেকে শ্রমিকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি হিমাগার থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান সেখ।

নিহত তুষার মণ্ডল (২৫) মেহেরপুরের গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক কোল্ড স্টোরের দায়িত্বে ছিলেন। রাতে চোখে গ্যাস লাগলে মফিজুল অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে বিশ্রাম নিতে বলে তুষার একাই দায়িত্ব পালন করেন। 

এদিন ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি সোলায়মান সেখ বলেন, স্টোরেজের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।