গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মিলল ব্যবসায়ীর লাশ
এ ঘটনায় আগেই মিজানের ব্যবসায়িক অংশীদার জাহিদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার খাগাইল গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান।
নিহত মিজান মোল্লা (৪৮) উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে। তিনি শহরের কেরামত আলী প্লাজায় মোবাইল ফোনের ব্যবসা করতেন।
এ ঘটনায় আগেই উপজেলার খাগাইল গ্রামের সাহেব মোল্লার ছেলে এবং মিজানের ব্যবসায়িক অংশীদার জাহিদুল ইসলাম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।
এদিকে মিজান মোল্লার স্ত্রী জামিলা ইসলাম অভিযোগ করেছেন, ব্যবসার ২০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
ওসি শাহ আলম বলেন, ৮ নভেম্বর রাতে ব্যবসায়ী মিজানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক অংশীদার জাহিদ মোল্লা। এরপর থেকে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় ১০ নভেম্বর তার স্ত্রী জামিলা ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তখন পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। পুলিশ ধারণা করে, ব্যবসায়ী মিজানকে অপহরণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
তারপর জামিলা ইসলাম পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ১৮ নভেম্বর পুলিশ জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পায়।
ওসি বলেন, জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।
লাশ উদ্ধারের খবর পেয়ে হত্যা মামলার বাদী জামিলা ইসলামসহ পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। তারা কান্নায় ভেঙে পড়েন।
হাসপাতালে জামিলা ইসলাম বলেন, “আমার স্বামী এবং জাহিদ একসঙ্গে মোবাইল ফোনের ব্যবসা করতেন। ব্যবসায় আমার স্বামীর ২০ লাখ টাকা ছিল। কিন্তু জাহিদ আমার স্বামীকে না জানিয়ে গোপনে দোকান বিক্রি করে দেন। আমার স্বামী টাকা চাইলে টালবাহানা শুরু করেন। তিন মাস ঘুরিয়েছেন।
“পরে জাহিদ জানান, খাগাইল গ্রামে তার কিছু জায়গা-জমি আছে। সেগুলো ওই গ্রামের সোহেল ও টিটোর কাছে জায়গা বিক্রি করে টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেয় জাহিদ।”
জামিলা ইসলাম বলেন, “৮ নভেম্বর রাত ৯টার দিকে আমার স্বামীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায় জাহিদ। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করছি, ওই রাতেই জাহিদ, সোহেল ও টিটোসহ অন্যরা আমার স্বামীকে হত্যা করে। আমি স্বামী হত্যার বিচার চাই।”
