২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

“হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রে কয়েকটি রিং পরানো ছিল।”

গাইবান্ধায় কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
তারিক রিফাত

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 11:49 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

আদালতের নির্দেশে গাইবান্ধা জেলা কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। 

তারিক রিফাত নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, রোববার বিকেল ৪টার দিকে পুলিশ তারিক রিফাতকে আদালত থেকে জেলা কারাগারে আনে। 

“আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারের ভেতরে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফ বলেন, “হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রে কয়েকটি রিং পরানো ছিল।”

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। 

এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলায় গত ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়। 

কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তারিক রিফাতকে পরদিন ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

ওসি বলেন, তারিক রিফাতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের দেওয়া হবে।