পঞ্চগড়ে ছাত্র আন্দোলনে আহত সুজনের পাশে বিজিবি
আন্দোলনের সময় সুজন ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পঞ্চগড়ের সুজন ইসলামের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে বুধবার ২২ বছরের ওই যুবকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
সুজন সদর উপজেলার ফুটকিবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আন্দোলনের সময় তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সুজনকে পুনর্বাসনে সহায়তা করা হয়েছে। আমরা আশা করি, এই টাকা দিয়ে ছোট্ট পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবেন তিনি।”
সহায়তা প্রদান অনুষ্ঠানে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহত সুজন ইসলাম বলেন, ৫ অগাস্ট দুপুরে ছাত্র আন্দোলন থেকে ফেরার পথে ধাক্কামারা এলাকায় লোকজন তাকে ঘিরে ধরে। তারা লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।
“পঞ্চগড় ও ঢাকায় চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ। এখনো আমার চিকিৎসা চলছে। বিজিবির পক্ষ থেকে আমাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই টাকা আমি ব্যবসার কাজে লাগাব। এতে আমার সংসারের উপকার হবে।”
