জাকসু: শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর
“যখন দেখি একটি বিশেষ সংগঠনকে স্পেশালি জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন সুযোগ করে দেয় তখন আমাদের আশাহত হই।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল।
তার বিরুদ্ধে একটি হলে গিয়ে শিক্ষার্থীদের ‘ম্যানিপুলেট’ করার চেষ্টার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
বহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “বিভিন্ন নেতারা ভোটকেন্দ্রে ঢুকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এসব বিষয় স্পেসিফিকভাবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। তবুও গত রাতে কাজী নজরুল ইসলাম হলে শিবিরের সভাপতি গিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করব, দীর্ঘদিন পরে এই নির্বাচন যেন কোন প্রশ্নবিদ্ধ না হয়।
“আমরা যখন দেখি একটি বিশেষ সংগঠনকে স্পেশালি জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন সুযোগ করে দেয় তখন আমাদেরকে আশাহত করে। কোনো বিতর্ক ছাড়া এটা সুন্দর নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন এটাই আশা।”
সাদী বলেন, “নির্বাচন নিয়ে অসঙ্গতি এবং বিভিন্ন ধরনের গাফিলতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা শঙ্কিত।
“কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে। ঢিলেঢালা ও পক্ষপাতমূলক অবস্থান নেওয়া হয়েছে।”
ডাকসু নির্বাচনের প্রভাব জাকসু নির্বাচনে পড়বে না জানিয়ে শেখ সাদী বলেন, “আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমরা খুবই আশবাদী।”
বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতিও তেমন দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটগ্রহণ শুরু করতে করতে ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়।
নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। .
জাকসু নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থী বিকাল ৫টা পর্যন্ত তাদের রায় জানানোর সুযোগ পাবেন।
জুলাই অভ্যুত্থানের পর এবং জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন এমনিতেই বাড়তি মনোযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের এক দিন বাদে ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের জাকসু ভোটের দিকেই এখন সবার নজর।
নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও নিরপক্ষেভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতিই তারা নিয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীরনগরে উৎসবমুখর পরিবেশেই ভোট হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
