ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ বাইক আরোহীর মৃত্যু
ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার বাখরের কান্দি এলাকায় ভাঙ্গামুখী সড়কে এ ঘটনা ঘটে বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ।
নিহত হাসিবুর রহমান মোল্লা (২৬) ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের প্রয়াত মিজানুর রহমান মোল্লা ছেলে। তিনি কালকিনির ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিকাল বিভাগের শিক্ষার্থী ছিলেন।
অপর আরোহী নিহত মাসুদ হোসেন একই উপজেলার বাসিন্দা।
ওসি শাকিল আহমেদ জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গা যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবুর মারা যান।
অপর আরোহী মাসুদকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
তিনি বলেন, নিহতদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে লাশ হস্তান্তর করা হবে।
