২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান পিপি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

টাঙ্গাইল সদর উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন তিন আসামি।

সোমবার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান কবির।

দণ্ড পাওয়া মো. সোলায়মান সদর উপজেলার গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। খালাস পাওয়ারা হলেন- নিহতের শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি ও ভাশুর।

পিপি শাহজাহান বলেন, “সোলায়মানের স্ত্রী আয়শা খানমের শরীরের রং কালো হওয়ায় তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হত। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। 

“পরে লাশ গুম করতে গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেওয়া হয়। পরদিন স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়।”

এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদী সদর থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি।

তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর পুলিশ নিহতের স্বামী সোলায়মান, শ্বশুর বারেক, শাশুড়ি ও ভাশুরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান শাহজাহান।

সাক্ষ্য গ্রহণ শেষে আয়শা স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।