২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলনায় বাঁধ নির্মাণ ধুলোর সমান’

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহারশি নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

‘যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলনায় বাঁধ নির্মাণ ধুলোর সমান’
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা তুলে দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 06:56 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

দেশে গত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলনায় বাঁধ নির্মাণের খরচ ধুলোর সমান বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

শুক্রবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে মহারশি নদীর বেড়িবাঁধের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপকালে ত্রাণ উপদেষ্টা বলেন, আপনারা ভুক্তভোগী। সমস্যাগুলো আপনারাই ভাল জানেন। আপনাদের পরামর্শ নিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে বাঁধের স্থায়ী সমাধান করা হবে।

এ সময় সরকারি কর্মকর্তাদের সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার তাগিদ দেন ফারুক-ই-আজম।

পরে বন্যা ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ছয় হাজার করে টাকা, দুই বান্ডিল ঢেউটিন এবং ৪৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার দিদারুল আলম উপস্থিত ছিলেন। 

৪ অক্টোবর ভারি বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের পাঁচ উপজেলা প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন ফসল, মাছের ঘেরসহ গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।