রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার
রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসা থেকে ওই চিকিৎসককে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা।
রাজশাহীতে বাসা থেকে তুলে নেওয়া এক নারী চিকিৎসককে পাবনায় উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তর মঙ্গলবার এক বার্তায় ওই চিকিৎসককে উদ্ধারের তথ্য দিয়েছে।
রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসা থেকে সোমবার ভোরে একদল লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় তার বাবাকেও। পরে সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় তার বাবাকে ফেলে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরে অভিযোগ পেয়ে উদ্ধার তৎপরতা চালায় র্যাব।
ওই চিকিৎসক সবে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে বিডিএস কোর্স শেষ করেছেন। তার ষাটোর্ধ্ব বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
অপহরণের পর চিকিৎসকের মা সাংবাদিকদের বলেন, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে। তারা বাসায় ঢুকে তাকেও তালা দিয়ে আঘাত করে, দেয়ালে মাথা ঠুকে দেয় এবং বিছানায় ফেলে গলা চেপে ধরে। পরে তাকে ফেলে রেখে বাবা-মেয়েকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
তিনি বলেন, মাইক্রোবাসে চালকসহ ছয়জন ছিল বলে তার স্বামী তথ্য দিয়েছেন। গাড়িতে তোলার পর তাকে ইনজেকশন দেওয়া হয়। চেতনা ফিরলে সিরাজগঞ্জে সড়কের পাশে তাকে ফেলে যায় অপহরণকারীরা। পরে তিনি সলংগা থানায় গিয়ে যোগাযোগ করেন।
অপহরণের দিন রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান পরিবারের বরাতে বলেন, “ঘটনার হোতা হিসেবে তারা তানভীর খান তাজ রওশন আলম নামের একজনের নাম পেয়েছেন। কেউ বলছেন তার সঙ্গে ওই চিকিৎসকের বিয়ে হয়েছিল। কেউ বলছেন বিয়ে হয়নি। তার নেতৃত্বেই ওই চিকিৎসককে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।”
আরও পড়ুন-
