২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভ্যাট কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, এক মাসের জেল

এ ছাড়া ভ্যাট বিভাগের এক সিপাহীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 10:24 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভ্যাট কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার গরুহাটায় এ আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

দণ্ড পাওয়া স্বপন ঘোষ (৫৬) কুষ্টিয়া পৌরসভার আমলাপাড়া এলাকার সমুদ্র নাথ ঘোষের ছেলে।

আদালত থেকে জানা যায়, দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী পৌর বাজারের একটি প্রেসে গিয়ে নিজেকে ফরিদপুর ভ্যাট কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি ভ্যাট বকেয়ার কথা বলে টাকা দাবি করেন। এর আগেও স্বপন দুই দফায় সেখান থেকে আট হাজার টাকা আদায় করেন বলে দাবি ভুক্তভোগীর।

এদিন স্বপন পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ সময় বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “ভুয়া পরিচয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।” 

এদিকে উপজেলার সাতৈর বাজারের ব্যবসায়ী প্রান্ত সাহা অভিযোগ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সিপাহী মুস্তাইন শাহ মামুন তার দোকানে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিলে ৫ থেকে ৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দেওয়ার হুমকি দেন মামুন।

ভুক্তভোগী প্রান্ত সাহার দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তার বিরুদ্ধে মামলা করাও হুমকি দেওয়া হয়। পরে তিনি পাঁচ হাজার টাকা দিতে চাইলে মামুন ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীরা টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেন।

তবে অভিযোগ অস্বীকার করে সিপাহী মুস্তাইন শাহ মামুন বলেন, “আমি সরকারি কাজে বোয়ালমারীতে গিয়েছিলাম। ব্যবসায়ী নিজেই আমাকে টাকা দিতে চেয়েছিলেন, যা আমি প্রত্যাখ্যান করি। পরে আমাকে অপদস্থ করা হয়। পুলিশ এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমার পরিচয় নিশ্চিত করে উদ্ধার করে। আমি কোনো ঘুষ নেইনি।”

তবে একই দিন দুটি ঘটনায় কোনো যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।