‘সর্বোচ্চ সতর্কতা’ কুমিল্লার দুর্গোৎসবে: বাহাউদ্দিন বাহার
এক বছর আগে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের একটি পূজামণ্ডপে ব্যাপক ভাঙচুর হয়, আক্রান্ত হয় নগরীর আরও বেশকিছু পূজামণ্ডপ।
এক বছর আগে কুমিল্লায় দুর্গাপূজায় গুজব তুলে সৃষ্ট সহিংসতার কথা বিবেচনায় রেখে এবার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
বুধবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে।
গত বছর কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
ওই ঘটনাকে কেন্দ্র করে নগরীর নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে ব্যাপক ভাঙচুর হয়, আক্রান্ত হয় নগরীর আরও বেশকিছু পূজামণ্ডপ।
পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।
জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা সভায় জানানো হয়, নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী সেই পূজামণ্ডপে অতীতের মতোই দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে এবারও। ওই মণ্ডপটিসহ এ বছর কুমিল্লা সিটি করপোরেশন এলকা ও জেলার ১৭টি উপজেলায় মোট ৭৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতায় পূজা উদযাপন করা হবে বলে জানিয়ে বাহার বলেন, “গত বছর আমি দেশে ছিলাম না। তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে পূজামণ্ডপে হামলা করেছে। আমি দেশের বাইর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। এ বছর আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
নানুয়ারদীঘির পাড়ে অবশ্যই পূজা হবে; এবার কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে পালিয়ে বাঁচতে পারবে না বলে তিনি হুঁশিয়ার করেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “এবার যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়, সেজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পূজামণ্ডপ এলাকায় স্বেচ্ছাসেবী দেওয়া হবে। ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে উৎসব পালন করুন।”
সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত বছরের ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে।
