১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে স্বতন্ত্রর বিজয় মিছিলে ‘বোমা’ হামলা, আহত ১০

আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরে স্বতন্ত্রর বিজয় মিছিলে ‘বোমা’ হামলা, আহত ১০

আহত কয়েকজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 03:24 PM

Updated : 08 Jan 2024, 03:24 PM

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্রর বিজয় মিছিলে ‘বোমা’ হামলার ঘটনা ঘটেছে; এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান ।

কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের আবদুস সোবহান মিয়াকে (গোলাপ) প্রায় ৩৫ হাজার ভোটে হারিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহমিনার সমর্থক আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়।

মিছিলটি কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাবার পথে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়।

এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর-৩ আসনে বেসরকারিভাবে জয়ী তাহমিনা বেগম বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা জানায়। যারা হামালা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

অভিযোগ অস্বীকার করে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ পারভেজ বলেন, “আমি ঢাকায় আছি। তারা নিজেরাই নিজেদের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে।”

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।