২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আসামিদের মধ্যে একজন ছাড়া সবাই পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 02:41 PM

Updated : 31 Oct 2022, 04:48 PM

সিলেটে সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এক যুগ আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন-সুনামগঞ্জ সদর থানার দুর্লভপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দাম (২২), জৈন্তাপুর থানার আদর্শ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. কাশেম আলী (২২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার আমতলী গ্রামের রাজন মিয়ার ছেলে সুমন আহমদ (২২), নগরীর আরামবাগ এলাকার সিরাজ মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), কিশোরগঞ্জ সদর থানার নগুয়া গ্রামের আজিজুর রহমান ওরফে আব্দুল আজিজের মো. ফয়ছল আহমদ রাসেল (২৩) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার জাহান নূরের ছেলে শাহ আলম (২৪)।

আসামিদের মধ্যে কাশেম আলী ছাড়া সবাই পলাতক বলে আদালদের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মফুর আলী জানান।

মামলার বরাতে মফুর বলেন, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেকের সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে নগরীর শাহী ঈদগাহ এলাকার শাহ মীর (র.) মাজারের সামনের রাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তারা। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল রাতে ফতেহ্ ওসমানীর মৃত্যু হয়।

এ ঘটনায় ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল ফরহাদ মতিন বাদী হয়ে ৮ থেকে ১০ জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জুলাই এসআই মো. আব্দুল আলীম ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ২১ এপ্রিল থেকে আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

ফতেহ ওসমানী আশির দশকে সিলেটের প্রাচীন পত্রিকা দৈনিক জালালাবাদী পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা পেশা শুরু করেন। সবশেষ তিনি সাপ্তাহিক ২০০০- এর সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি লন্ডনের সুখ দুঃখ ও প্রবাসীদের দিনকালসহ একাধিক গ্রন্থ রচনা করেন। এছাড়া একুশের ছড়া নামে একটি ছড়াগ্রন্থও রয়েছে।